আন্তর্জাতিক

সামরিক হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে যুক্তরাষ্ট্রের: খামেনি

ইরান-ইসরাইল সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের ‘অপূরণীয় ক্ষতি’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে। খবর আল-জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের এই নেতা আরও বলেন, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না।

এই বিভাগের আরও সংবাদ

ভাষণে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে। ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না।

এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের ‘তথাকথিত’ সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, খামেনির অবস্থান তারা জানেন। তবে তাকে এখনই হত্যা করবেন না।

আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’ তবে ‘আমাদের’ বলতে তিনি কাদের বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি।

এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘শর্তহীন আত্মসমর্পণ।’ এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ