খুলনায় গুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত, ছুরিকাঘাতে যুবক জখম


খুলনা ব্যুরো : খুলনায় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সাজিদ হাসান।
১৫ জুন রবিবার রাত ৯ টার দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উক্ত ঘটনা ঘটে।
প্রায় একই সময়ে ময়লাপোতা এলাকায় সোনাপোতা স্কুলের বিপরীত পার্শ্বে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন নয়ন শেখ (২২) নামের এক যুবক।
আহত দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত এসএম সাজিদ হাসান খুলনা মহানগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড়ের বাসিন্দা এস এম জাহিদ আলীর ছেলে এবং আহত নয়ন লবণচরা থানাধীন হরিণটানা কাঁচাবাজার সংলগ্ন মকবুল শেখ মিঠুনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিক্সাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিকশা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবাইল মাইক্রো গ্যারেজের সামনে আসামাত্র জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পেরে রিকশা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু’জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদেরে বাম কোমরে এবং অপরটি ডান পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান ।
অপরদিকে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকার সোনাপোতা স্কুলের সামনে নয়ন শেখকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে তার সমস্ত শরীর কুপিয়ে জখম করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে কেউ কোন কথা বলতে রাজি হননি। তবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। অপরাধী যেই হোক না কেন তারা আইনের উর্দ্ধে নয়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





