মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। আজ সকাল ১১ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, মোংলা বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। রবিবার (১৫ জুন) বিকালে অভিযানকালে মোংলা হতে চট্টগ্রামগামী জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহনের যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হয়। পরে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিতে পরিবহন কর্তৃপক্ষকে বাধ্য করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ ভাড়া আদায় না করার অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জনসাধারণের অধিকার সংরক্ষণ, হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ মানুষ যাতে ন্যায্য সেবার বাইরে কোনো আর্থিক চাপের সম্মুখীন না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলেও জানান ঐ কর্মকর্তা।





