আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য।

মধ্যপ্রাচ্য সফরে থাকা ওয়াডেফুল বলেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত বন্ধে অবদান রাখার চেষ্টা করছেন। এ সময় তিনি উল্লেখ করেন, এর আগেও ইরান গঠনমূলক আলোচনার সুযোগ হাতছাড়া করেছে।

এই বিভাগের আরও সংবাদ

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডি-কে শনিবার রাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখনো আশাবাদী যে আলোচনা সম্ভব। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য একযোগে প্রস্তুত রয়েছে। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে আলোচনার প্রস্তাব দিচ্ছি, আশা করি তারা এই প্রস্তাব গ্রহণ করবে।

ওমানে অবস্থানরত ওয়াডেফুল আরও বলেন, এই সংঘাতের অবসান ঘটবে তখনই, যখন ইরান ও ইসরায়েলের ওপর সব দিক থেকে চাপ প্রয়োগ করা হবে।

তিনি বলেন, সবারই আশা আগামী এক সপ্তাহের মধ্যে দুই পক্ষ থেকে সহিংসতার এই চক্র ভাঙতে একটি আন্তরিক প্রচেষ্টা দেখা যাবে।

তেহরানের সরকার পতনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ওয়াডেফুল বলেন, আমার ধারণা ইসরায়েলের উদ্দেশ্য তেহরানের সরকার উৎখাত নয়।

গাজা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে মানবিক পরিস্থিতি গ্রহণযোগ্য নয় এবং ইসরায়েলকে ত্রাণ সংস্থাগুলোর জন্য পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও সংবাদ