খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান; গ্রেফতার ৩


খুলনা ব্যুরো : খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। উক্ত অভিযান ৭ জুন শনিবার রাত ২ টা থেকে শুরু হয়ে চলে ৮ জুন রবিবার সকাল ৭ টা পর্যন্ত । অভিযান চলাকালে যৌথবাহিনীর সদস্যরা সেখান থেকে বৈদেশিক মুদ্রা এবং পাইপগানসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময়ে সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে খুলনা থানা পুলিশ সূত্রে জানা যায় ।
গ্রেফতারকৃতরা হলেন— খুলনা মহানগরীর শামসুর রহমান রোডের বাসিন্দা গগন দত্তের ছেলে আব্দুর রহমান (নওমুসলিম), একই এলাকার বাসিন্দা বাবু গাজীর ছেলে মোঃ ইদ্রিস গাজী এবং গ্রেনেড বাবুর বাবা জোনায়েদ চৌধুরী মিন্টু।
খুলনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী এবং নৌ-বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে শনিবার( দিবাগত) রাত ২ টার দিকে অভিযান চালায়। রাতে তারা উল্লেখিত বাড়িতে তল্লাশী চালায়। এক পর্যায়ে সেখান থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ২৫ টি ক্রেডিট কার্ড, ২৬৮ মালয়েশিয়ান রিংগিত, ৫০ দিহরাম, ৩৩০ ভারতীয় রুপি, ৪৮১ ইউএস ডলার, ২ টি স্মার্ট ও ৩ টি বাটন ফোন এবং দু’টি ব্যাংকের স্বাক্ষর করা চেক বই উদ্ধার করা হয়। অভিযান শেষে যৌথ বাহিনীর সদস্যরা গ্রেফতারকৃত ৩ জনকে খুলনা থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি সানওয়ার জানান ।





