খুলনা মহানগর যুবদলের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি ।
১ জুন রবিবার বিকাল ৪ টার দিকে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে (খুলনা মহানগর বিএনপি’র ৫দিনের কর্মসুচির শেষ দিনে) খুলনা মহানগর যুবদল আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মানবিক সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে যুবদল আশা প্রকাশ করেন। পরে অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।





