বাগেরহাট

মোংলায় “এমভি সেজুতি” জাহাজের লুন্ঠিত মালামালসহ ৩ জন আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় “এমভি সেজুতি” জাহাজের লুণ্ঠিত মালামালসহ ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (২৮শে মে) কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গত (২৭শে মে) রাত সাড়ে ৩টার দিকে মোংলা পোর্ট সংলগ্ন বেইস ক্রিক এলাকায় নোঙররত এমভি সেজুতি নামক বাংলাদেশি একটি জাহাজে প্রায় ১২ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্রসহ প্রবেশ করে। জাহাজের ক্রুদের জিম্মি করে এবং কিছু মেশিনারিজ মালামাল লুট করে পালিয়ে যায় তারা।

এই বিভাগের আরও সংবাদ

দ্রুত ঘটনাস্থলে তদন্ত শুরু করে কোস্ট গার্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতির সাথে সংশ্লিষ্ট ৩ জনকে আটক করে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরণের স্পেয়ার পার্টস, ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং, ব্যাটারি চার্জার ও জাহাজের গুরূত্বপূর্ণ যন্ত্রাংশ।

প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও, জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি পূর্ব পরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা। যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিকরা ও স্থানীয় দুষ্কৃতকারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে জানা যায়।

এ জাহাজের অধিকাংশ নাবিক গত ৬ থেকে ৭ মাস ধরে সঠিকভাবে বেতন পায় না। এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভবিরাজ করছিল। একারণে এর আগেও জাহাজ হতে বিভিন্ন গ্রুপ/ ডাকাতের কাছে মেশিনারিজ পার্টস বিক্রি করে তারা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানায়, তারা জাহাজের চীফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়ে লুট করা মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগির পরিকল্পনা করে। দূর্ভাগ্যজনক হলেও এত বড় ঘটনা সম্পর্কে সহায়তা চেয়ে জাহাজের মালিক পক্ষ ক্যাপ্টেন সাহিকুলকে ঘটনাস্থলে আসার অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করেন।

উদ্ধার করা মালামাল জাহাজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও সাজানো এই ডাকাতির ঘটনাটিকে ভিন্ন খাতে পরিচালনা করার উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করার বিষয়টিও তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেন কোস্ট গার্ড পশ্চিমাঞ্চল।

এই বিভাগের আরও সংবাদ