সৌদি আরবে ফ্ল্যাটে বাংলাদেশি দুই ভাইকে হত্যা


সৌদি আরবের দাম্মাম শহরে গাজীপুরের আপন দুই ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) মধ্যরাতে দাম্মাম শহরের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেনÑ উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়ার ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির ছেলে কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২)। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
পরিবার সূত্রে জানা গেছে, কামরুজ্জামান কাকন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির খোঁজ করছিলেন। ঢাকার নয়াপল্টনের সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন ২১ লাখ টাকা চুক্তিতে চাকরি ভিসায় কাকনকে কানাডায় পাঠানোর জন্য তার বাবার কাছে প্রস্তাব দেন। তবে ৩ লাখ টাকা নিয়ে দীর্ঘদিন চেষ্টা করেও বাহার কাকনকে কানাডা পাঠাতে পারেননি। পরে গত বছরের অক্টোবরে বাহার উদ্দিন ৪ লাখ ৩০ হাজার টাকায় মোশারফ হোসেনের ছোট ছেলে সাগরকে সৌদি আরব পাঠান। কিন্তু কাজের পরিবর্তে তাকে দাম্মামে একটি ঘরে আটকে রেখে বাবা মোশরফ হোসেনকে আরও ৪ লাখ টাকা দিতে বাধ্য করেন বাহার।
এদিকে বড় ছেলেকে কানাডা পাঠানোর জন্য দেওয়া ৩ লাখ টাকা ফেরত চাইলে দুই ছেলেকে সৌদির মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান বাহার। পরে মোশরফের কাছ থেকে নতুন করে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর কাকনকেও সৌদি নিয়ে যান তিনি। কিন্তু সেখানে কাজ না দিয়ে দুই ভাইকে একটি ঘরে আটকে রাখা হয়।
বিষয়টি জানার পর ছেলেদের দেখতে গত ডিসেম্বরের মাঝামাঝি ওমরা ভিসায় বাহার উদ্দিনের সঙ্গে সৌদি আরব যান মোশারফ হোসেন। এ সময় দুই ছেলের কাছে কাজের কথা জানতে চাইলে তারা ডেলিভারির কাজ দেওয়া হয়েছে বলে জানান। পরে ২২ ডিসেম্বর মোশারফ দেশে ফিরলেও ছেলেদের কাগজপত্র ঠিক করার কথা বলে থেকে যান বাহার। আসার সময় মোশারফকে একটি পলিথিন মোড়ানো পুটলি ঢাকার ঠিকানায় পৌঁছে দিতে বলেন বাহার। সৌদি বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে সেই পুটলি রেখে মোশরফকে ছেড়ে দেয়।
পরদিন বাহার দেশে ফিরে পুটলি ফেরত চাইলে ইমিগ্রেশন পুলিশ রেখে দেওয়ার কথা জানান মোশরফ। পুটলিতে ১৩ লাখ টাকার স্বর্ণ ছিল দাবি করে টাকার জন্য চাপ দেন এবং টাকা না দিলে সৌদিতে থাকা ছেলেদের ক্ষতি করবে বলে হুমকি দেন বাহার। এ ঘটনায় মোশারফ নগরীর সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
সর্বশেষ এ বছরের ৯ মে মোশারফকে খুঁজে না পেয়ে তার বৃদ্ধ বাবা আবুল কাশেম লম্বরিকে তুলে নিয়ে যায় এবং দুই ছেলেকে হত্যার হুমকি দেয় বাহার। পরে ৯৯৯ ফোন দিলে সদর থানা পুলিশ আবুল কাশেমকে উদ্ধার করে।
মোশারফ হোসেন বলেন, গত বুধবার রাত ১২টার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলের হত্যাকাণ্ডের খবর দেয়। পরে সৌদি দূতাবাসের মাধ্যমে জানতে পারি মঙ্গলবার সকাল ৭টার দিকে ফ্ল্যাটে প্রবেশ করে দুই ভাই। দুপুরের পর দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে ফ্ল্যাট মালিক পুলিশে খবর দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মঞ্জু নামে বাংলাদেশি এক যুবককে শনাক্ত করে। তাকে দিয়েই বাহার তার দুই সন্তানকে খুন করিয়েছেন বলে ধারণা করেন মোশারফ। এ সময় দ্রুত সন্তানদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায়তা কামনা করেন তিনি।
এদিকে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা ও স্বজনরা। পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।





