আন্তর্জাতিক

৫৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কাশ্মীরে

গত এক মাস ধরে উত্তরের স্বর্গখ্যাত জম্মু ও কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ২২ মে (বৃহস্পতিবার) উপত্যকায় দেখা গেল গত ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। সেখানকার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শান্ত পাহাড় আর শীতল হাওয়ার জন্য পরিচিত এই ভূখণ্ডে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের জন্য।

কাশ্মীরের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ মে) ছিল সর্বোচ্চ গরম একটি দিন। ঐতিহাসিকভাবে, ১৯৬৮ সালের ২৪ মে কাশ্মীরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬.৪ ডিগ্রিতে। এর আগে ১৯৫৬ সালের ৩১ মে ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই রেকর্ডের ধারেকাছে পৌঁছে গেছে উপত্যকার উষ্ণতা। শুধু শ্রীনগর বা পেহেলগাম নয়, দক্ষিণ কাশ্মিরের কোকেরনাগ এলাকাতেও তাপমাত্রা ছুঁয়েছে ৩৩.৩ ডিগ্রি, যেখানে ২০০১ সালের আগের রেকর্ড ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমের কারণে ইতোমধ্যেই কিছু এলাকায় স্কুলের সময়সূচি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এই তীব্র গরমের প্রভাবে কাশ্মীরের পর্যটন ব্যবসাও চরম ধাক্কা খেয়েছে। পেহেলগামে গত মাসে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর থেকেই এলাকা থমথমে। পর্যটকদের সংখ্যা হ্রাস পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এক সময়ের ঠাণ্ডা ও নির্ভরযোগ্য গন্তব্য এখন প্রাকৃতিক বৈরিতার শিকার। যেখানে আগে মে মাসে তাপমাত্রা থাকত আরামদায়ক সীমায়, সেখানে এখন ৩০ ডিগ্রির ওপরে তাপমাত্রা পৌঁছানো কাশ্মীরের জন্য এক অশনিসংকেত। সময় এসেছে কাশ্মিরকে রাজনৈতিক ও পরিবেশগত—দুই দিক থেকেই সচেতনভাবে আগলে রাখার।

এই বিভাগের আরও সংবাদ