আন্তর্জাতিক

গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

প্রয়োজনীয় সাহায্য না পৌঁছালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। তিনি বলেছেন, ‘আমি যতটা পারি এই ১৪ হাজার শিশুকে রক্ষা করতে চাই।’

গাজায় ত্রাণ পৌঁছানোর ওপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও ফ্লেচার বলেছেন মাত্র পাঁচটি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে আজই অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, ‘আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেয়া দরকার। আরও সহায়তা নেয়া যায় কি-না সেটাই হবে জাতিসংঘের সত্যিকার পরীক্ষা।’

ওদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। একই সঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধ কালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস সব জিম্মিকে ছেড়ে দেয় ও অস্ত্র সমর্পণ করে। এখনো হামাসের হাতে ৫৮ জন জিম্মি আছে এবং এদের মধ্যে ২৩ জন জীবিত আছে বলে মনে করা হয়।

বিবিসির আন্না ফস্টার টম ফ্লেচারকে জিজ্ঞেস করেছিলেন যে আও সহায়তা না পেলে আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে- এটি জাতিসংঘ কীভাবে ঠিক করলো। জবাবে তিনি বলেছেন, ‘সেখানে আমাদের শক্তিশালী টিম আছে—এবং অবশ্যই তাদের অনেকে নিহত হয়েছে। তারপরও এখনো আমাদের অনেকে লোকজন আছে সেখানে।’

ফ্লেচার বলেন, তারা চিকিৎসা কেন্দ্রে আছে, স্কুলে আছে।…. আরও মূল্যায়নের চেষ্টা করছে।

যা ত্রাণ যাচ্ছে তা সাগরে এক বিন্দুর মতো

রবিবার ইসরায়েল গাজায় তাদের চলমান ১১-সপ্তাহের অবরোধ তুলে ত্রাণ পাঠানোর অনুমোদন দিয়েছে। তারা বলেছে, ওই অবরোধ তারা দিয়েছিলো হামাসের ওপর চাপ তৈরির জন্য। এর মধ্যে ত্রাণের অপব্যবহারের বিষয়টিও দেশটি উল্লেখ করেছে।

যদিও টম ফ্লেচার বলছেন যে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়। তিনি বলেন, ‘আজ ৯টি ট্রাক কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। কিন্তু এটি সাগরে এক বিন্দু পানির মতো। মঙ্গলবার সকাল থেকে আরও উল্লেখযোগ্য পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে।’

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘লুটপাট কমাতে ত্রাণের নিয়মিত প্রবাহ থাকতে হবে। মানবিক কর্মীদের একাধিক রুটে সেখানে যাওয়ার সুযোগ দিতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি বাণিজ্যিক পণ্যসামগ্রী যেতে দিতে হবে।’

তিনি বলেন, জাতিসংঘ চায় বিশ্ব সংস্থাটিকে আরও সমর্থন দিক যেন তারা ‘ক্ষুধার্ত মানুষদের’ জন্য সাহায্য পাঠাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে পারে।

এই বিভাগের আরও সংবাদ