খুলনা

খুলনার ডুমুরিয়ায় ট্যাংকলরী-মাহিন্দ্রা সংঘর্ষ ; নিহত ৩, আহত ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালকসহ ২ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪ জন।

১৭ মে শনিবার সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

উক্ত সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- মাহিন্দ্রা চালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক যথাক্রমে হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ।

এ ঘটনায় আহত হয়েছেন মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামান। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতি ও সড়কের বেহালদশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যায়।

নিহত শিক্ষকদ্বয় খুলনা জেলার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচীতে যোগদানের জন্য যাচ্ছিলেন বলে জানা যায়।

এই বিভাগের আরও সংবাদ