প্রবাস

ইতালিতে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী উদযাপন

জাহাঙ্গীর আলম চমক,ইতালি প্রতিনিধি : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করেছে। ৪ মে রোজ রবিবার ইতালির রোমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

দুপুর ১টায় এক বর্ণাঢ্য বৈশাখী র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মধ্যাহ্নে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও বাহারি খাবারের আয়োজনের মধ্য দিয়ে অতিথিদের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন ছিল, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ইতালি তথা রোমের জনপ্রিয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মন জয় করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন তুসকোলানা সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা হাসান ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জাহিদ হাসান খোকন এবং সাধারণ সম্পাদক রিপন গাজী। তারা কমিউনিটির সকল সদস্যকে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সমাজের ভালো কাজে পাশে থাকার আহ্বান জানান।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আনন্দ ও মিলনমেলার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

এই বিভাগের আরও সংবাদ