খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্তি ঘোষণা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিটের ঘটনায় খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
৩ মে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ( ৩ মে, শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর খুলনা মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হবে।’
এর আগে শুক্রবার (২ মে) বিকালে বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারীরা।
বিষয়টি তিনি মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানান। এরই পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক খুলনা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।





