আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের পূর্ণাঙ্গ দাবী আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা


আজ সকাল ১১টায় ১০১০ রোজ ভিউ প্লাজা ১৮৫ বীর উত্তম সিআরদত্ত রোড, হাতিরপুল, ঢাকায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক ‘সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং নীতিমালা ও দৈনিক ভিত্তিক সাময়িক কর্মচারী নীতিমালা ২০২৫’ সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি অফিসে জনবল নিয়োগ প্রক্রিয়াটি অমানবিক ও অন্যায্য, একই প্রতিষ্ঠানে দুই ধরণের নিয়োগ প্রথা চলতে পারে না।
তিনি আরও বলেন, আউটসোর্সিং মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না, অতিদ্রুত বকেয়া বেতন পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদার/প্রতিষ্ঠান কর্তৃক যাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে অবিলম্বে চাকুরিচ্যুতদের চাকুরিতে পূর্ণবহাল করতে হবে। চাকুরি পুর্ণবহাল ও বকেয়া বেতনের পরিশোধের লক্ষ্যে উচ্চ আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন করতে সরকারকে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
জোনায়েদ সাকি আরও বলেন, দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা ২০২৫-এ দৈনিক মজুরিতে নিয়োগ প্রাপ্তদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং ত্রিশ কর্মদিবসের হাজিরা প্রদান করতে হবে এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বিনা কারণে মন্ত্রণালয়ের অনুমতি ব্যাতিত ছাটাই করা যাবে না। চাকুরির বয়সসীমা ৬০ বছর নির্ধারণ ও বয়সশিথীল করে প্রতিষ্ঠানে কর্মরতদের আত্মীয়করণ করতে হবে। চাকুরির নিশ্চয়তার বিধানসহ ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারন করতে হবে ও পেনসনের আওতায় নিয়ে এসে জিপি ফান্ডের অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে শুন্য পদে আত্মীয়করণ করতে হবে।
জোনায়েদ সাকি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতের চাকুরিতে যোগদান ও বেতনসহ বিভিন্ন ভাতা পাওয়ার অধিকার নিশ্চিত করাসহ চাকুরিতে নানা বৈষম্য দূর করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, গোটা বাংলাদেশে বিভিন্ন সরকারি অফিসে লক্ষ লক্ষ কর্মচারী আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক ও বিভিন্ন প্রকল্পে নিয়োগকৃতদের দাবী অতিদ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান। বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান/প্রতিষ্ঠান কর্তৃকপক্ষ নিয়োগকৃতদের নামে খোলা ব্যাংক এ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে সরাসরি কর্মচারীদের ব্যাংকে বেতন প্রদান করতে হবে। অবিলম্বের দাবীগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান নতুবা লক্ষ লক্ষ কর্মচারী তাদের দাবী আদায়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নুর, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ।





