খুলনা

ছুটি শেষে নিজ কার্যালয়ে ফিরে খুলনা জেলা শিক্ষা অফিসারের মৃত্যু

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ঈদুল ফিতরের দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে ৬ এপ্রিল রবিবার সকালে কর্মস্থলে যোগদান করেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শামসুল হক। বেলা ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি । জনাব শামসুল হক হঠাৎ কাঁপতে কাঁপতে চেয়ারে পড়ে যান। দ্রুত সহকর্মীরা তাঁকে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিকালে তার মরদেহ রাজশাহী জেলার পবা উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তার আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মাঝে।

খুলনা জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক শেখ শাহিনুর রহমান বলেন, ঈদের ছুটি কাটিয়ে রবিবার সকালে শামসুল হক কাজে যোগ দেন। বেলা ১২টায় নিজের কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ তিনি চেয়ারে পড়ে যান। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়েছে। বিকালে মরদেহ গোসল করিয়ে রাজশাহীতে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ