কোস্ট গার্ডের অভিযানে ২৫কেজি হরিনের মাংস,ফাঁদসহ আটক-৫


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের শিবসা নদীতে ২৫ কেজি হরিণের মাংস সহ ০৫ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার(১২মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ০৫ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারীরা হলেন, মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মোঃ মামুন (৩৫) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।





