সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড


সুমন,স্টাফ রিপোর্টারঃ ইঞ্জিন বিকল হয়ে ০৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ ফিশিং বোর্ড এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, বুধবার দুপুর ২ টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে জানা যায় যে, ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষনাৎ উদ্ধার অভিযানের জন্য ঐ স্থানে গমন করে। অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জন ক্রুকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায় বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।
উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।





