কুষ্টিয়া

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে কুষ্টিয়ায় মাঠে নেমেছে র‌্যাব ১২

কুষ্টিয়া প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়ে বলেন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব ফোর্সেস কাজ করবে।

সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে ঘড়ির কাঁটা রাত ১২টায় পৌঁছালেই কুষ্টিয়া শহরের এন এস রোডে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দলকে টহল দিতে দেখা যায়। শহরের থানা মোড় রাত বারোটা ৫মিনিটের দিকে দেখা যায় র‌্যাব-১২ এই টহল টিমকে।

এসময় র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, র‍্যাব সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক জেলার দায়িত্বপূর্ণ এলাকার উল্লেখযোগ্য ভেন্যুসমূহ ও তার পাশের এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে। আগামী বুধবার (১ জানুয়ারি ২০২৫) পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশব্যাপীর ন্যায় কুষ্টিয়া র‌্যাব-১২ মাঠে থাকবে। তিনি আরো বলেন, ইংরেজি নববর্ষবরণে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে জেলায় র‌্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল প্রস্তুত রয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা আরো বলেন, যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, মাদকাসক্ততা প্রতিরোধকল্পে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো নারী যেন ইভটিজিং অথবা সম্মানহানির শিকার না হন সে দিকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ায় যে কোনো ধরনের নাশকতামূলকসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে র‌্যাব-১২ প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ