খুলনা মহানগর শাখার ছাত্রলীগ সহ-সভাপতি গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের চৌকস আভিযানিক টীম ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি রণবীর বাড়ই সজল (৩৫), পিতা-রসময় বাড়ই, গ্রাম-জোয়ার, থানা-রূপসা, জেলা-খুলনাকে বাগেরহাট জেলার মোংলা থানাধীন খামেরডাঙ্গা বাজার হতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সজল ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতির পদে থাকা অবস্থায় দলীয় ক্যাডার বাহিনী নিয়ে মহানগরী এলাকায় দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিরোধী রাজনৈতিক দলের অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং ভিতরে থাকা টিভি, আসবাবপত্র লুটপাট করাসহ একাধিক অপরাধজনক কর্মকান্ডে জড়িত আসামী। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে খুলনা জেলা এবং মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ৭ টি মামলার তথ্য পাওয়া যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ২৮ ডিসেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





