সমুদ্র বন্দর মোংলায় চলছে নৌ-যান শ্রমিকদের ধর্মঘট


সুমন,স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় বৃহস্পতিবার মধ্যেরাত থেকে চলছে নৌ-যান শ্রমিকদের ধর্মঘট। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তারা বলেন, সব ধরনের পণ্যবাহী, তেল-গ্যাসবাহী ও বালুবাহী নৌযানের শ্রমিকেরা এ ধর্মঘট শুরু করেছেন।
চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজে এ নির্মম হত্যাকাণ্ডে সাতজন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণ,নৌ-পথে চুরি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এ ধর্মঘট করছেন নৌ-যান ফেডারেশন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তবে, যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গতকাল মধ্যরাত থেকে সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। ফলে দেশব্যাপী নৌযান চলাচল, পণ্য পরিবহণ ও বোঝাই-খালাসের কাজ বন্ধ হয়ে যাবে। এতে সারা দেশের নৌযান সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হবে।
আর এর দায়ভার সরকারকেই নিতে হবে। কারণ এর আগে আমরা এ দাবি পূরণে আল্টিমেটামও দিয়েছিলাম। তাতে সরকারের সারা পাওয়া যায়নি। সরকার তাৎক্ষণিক দাবি বাস্তবায়ন করলে আজ দেশের নৌপথে এই অচলাবস্থার সৃষ্টি হতো না।
এর আগে এ দাবিতে গত কয়েকদিন মানববন্ধন, বিক্ষোভ ও পথসভা করে লাগাতার কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়েছিলেন নৌযান শ্রমিকেরা।





