দেশজুড়ে চলে কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ি


কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশের বড় বড় শহরগুলোতে হরহামেশা বিক্রি হতে দেখা যায় কুষ্টিয়ার শনপাপড়ি। বাঙালিদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া মণ্ডলপাড়া গ্রামে শনপাপড়ি তৈরির জন্য ৭–৮ টি কারখানা আছে। মিষ্টি স্বাদের এই শনপাপড়ি খেতে খুব ভালো লাগলেও এটা তৈরির প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়। অনেক মানুষের শ্রম আর নানা উপকরণ দিয়ে তৈরি হয় জনপ্রিয় এই খাবার।
দেখা যায় মাটির বড় চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো চিনি ও পানি দেয়া হয়। এরপর একসঙ্গে জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করা হয়।
এরপর এই চিনির সিরা চুলা থেকে নামিয়ে ঢালতে হয় টিনের ট্রেতে। তখন দেখতে চকলেটের মতো মনে হয়। কড়াইটি আবোরও চুলায় ওঠে। তাতে নির্দিষ্ট পরিমাণে ডালডা–আটা জ্বাল দেয়া হয়। সেগুলো একটি পাত্রে নামিয়ে রাখা হয়। এটা চকলেটের মতো দেখা যায়।
এরপর নানা কৌশল ও প্রক্রিয়া অনুসরণ করা হয়। অনেক পাক দেয়ার সময় অল্প অল্প করে আটা মেশাতে হয়। পরে দৃশ্যমান হয় পাটের আঁশের মতো পণ্য।
এরপর বেশ কিছুক্ষণ চলে আঁশের মতো দেখতে উপকরণ নিয়ে কারুকাজ। এভাবে এক সময় এটি অনেক পাতলা এবং খাবার উপযোগী হয়ে ওঠে। তখন এই পাপড়িগুলোকে আলাদাভাবে শেপ দেয়া হয়।
আশ গুলোকে লাড্ডু তৈরী করতে স্টিলের তৈরি বিভিন্ন ধরনের ডাইস, টিনের ট্রে, গ্লাস ইত্যাদির প্রয়োজন হয়। পরে প্লাস্টিকের বক্সে সেগুলো সাজিয়ে নিজস্ব প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে বিক্রি করে থাকেন।
সম্পূর্ণ হাতে তৈরি, ক্ষুদ্র এই শিল্পটির কাজ দীর্ঘদিন ধরেই চলছে। বিশেষ করে চিনিসহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে এই শিল্পের ওপর। কুষ্টিয়ার বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ হয় শনপাপড়ি তৈরিতে।



