কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতকারী দুই মহিলা গ্রেফতার


কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়া ট্রাফিক পুলিশের এক সদস্যকে দুপুরের দিকে দুই নারী লাঞ্ছিত করে। এক সিসি টিভি ফুটেজে দেখা যায় শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে পুলিশ সদস্যকে মারধর করছে দুই নারী। পরে সেই দুই নারীর পরিচয় সনাক্ত করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রেল স্টেশনের ট্রাফিক সিগনালে এ ঘটনা ঘটে, পরে সন্ধ্যার দিকে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। সিসি টিভি ফুটেজে দেখা যায় কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়থাপ্পড় সহ জুতা দিয়ে মারছে। পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। ট্রাফিক পুলিশ বাধা দিলে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় সহ জুতা দিয়ে মারেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক চলে যাওয়ার চেষ্টা করেন। ট্রাফিক পুলিশের সদস্য বাধা দেন। তবে একটি ভিডিও ফুটেজে দেখা যায় ওই দুই নারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে চরথাপ্পর সহ জুতা দিয়ে পেটাচ্ছেন। এরপর স্থানীয়রা এসে তাদেরকে ছত্রভঙ্গ করে। তিনি আরো বলেন, ওই ট্রাফিক পুলিশ সদস্য অন্যায় করে থাকলে জেলা পুলিশের কাছে অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হত। তবে দুই মহিলা একজন দায়িত্বরত পুলিশের সাথে যে আচরন করেছে সেটা ক্ষমার অযোগ্য। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট করা ছাড়া আর কিছুই না। পুলিশে যারা চাকরি করে, তারা সকল মানুষ তথা জনগণের সেবায় কাজ করে। তিনি উল্লেখ করে বলেন, জেলার কোন পুলিশ সদস্য অন্যায় করলে থানা অথবা পুলিশ সুপারের নিকট অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





