আন্তর্জাতিক

সামনে এল রতন টাটার উইল, পোষা কুকুর ছাড়াও যারা পেল সম্পত্তি

রতন টাটাকে চেনেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। ভারতের বিশ্ববিখ্যাত শিল্পপতিদের একজন রতন টাটা। ব্যবসার মাধ্যমে ভারতকে বহির্বিশ্বে ব্র্যান্ডিং করা সফল এই ব্যবসায়ী। লবণ থেকে সফটওয়্যার, কী নেই টাটা গ্রুপে? দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন রতন টাটা। শতাধিক কোম্পানি এবং ৬ লাখ ৬০ হাজারেরও বেশি কর্মী নিয়ে কাজ করছে ভারতের অন্যতম শীর্ষ এই গ্রুপটি।

তবে শুধু ব্যবসার জন্যই নয় তিনি নজির হয়ে আছেন আরও অনেক কারণে। ১৯৪৮ সালে মাত্র দশ বছর বয়সে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায় এবং তাই তিনি তার দাদি নওয়াজবাই টাটার কাছে বেড়ে ওঠেন। পড়াশোনা করেছেন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে।

এই বিভাগের আরও সংবাদ

শিল্পপতি রতন নাভাল টাটা ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর তার ১০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে থাকে- সম্পত্তির উইলে কার ভাগ কত?

শিল্পপতি রতন টাটার সেবা, দানধর্ম হৃদয় ছুঁয়েছে সবার। একই সঙ্গে তার পোষ্য প্রেমের কথাও সকলের জানা। এবার রতন টাটার মৃত্যুর পর প্রকাশ্যে এলো তার উইল। আর তাতেই আরও একবার প্রমাণ হল যে এই জন্যই তিনি সকলের প্রিয়।

জানা গেছে, রতন টাটা তার ব্যক্তিগত উইলে পোষা কুকুর টিটোর নাম উল্লেখ করে গেছেন। সম্পত্তির ভাগ দিয়েছেন তার দীর্ঘদিনের রাঁধুনি ও গৃহ পরিচারকদেরও।

গত ৯ অক্টোবর ৮৬ বছর বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা। তার মৃত্যুর পর টাটা সাম্রাজ্যের মাথায় কে বসবেন, তা নিয়ে যেমন আগ্রহ ছিল, তেমনই রতন টাটার বিপুল সম্পত্তির মালিক কে হবেন, তা নিয়েও অনেকের মনেই প্রশ্ন ছিল, কারণ চিরকুমার রয়ে গিয়েছিলেন রতন টাটা। তার কোনও সন্তান নেই।

এবার রতন টাটার উইল সামনে আসতেই জানা গেল কার জন্য কী রেখে গিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি রুপিরও বেশি। তিনি যে উইল তৈরি করে গেছেন, তাতে লিখেছেন তার প্রিয় পোষ্য টিটোর যেন যত্নের কোনও অভাব না হয়। রতন টাটার পোষ্য জার্মান শেফার্ডটি যতদিন বাঁচবে, তার সবরকমের সেবা-যত্নের নির্দেশ দিয়ে গেছেন তিনি। ৬ বছর আগে টিটোকে নিজের ঘরে নিয়ে এসেছিলেন রতন টাটা।

এদিকে শুধু পোষ্য প্রেম নয়, যারা দীর্ঘদিন ধরে তার খেয়াল রেখেছিলেন, তাদেরও ভোলেননি রতন টাটা। নিজের উইলে সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন তার দীর্ঘ সময়ের রাঁধুনি রজন সাউয়ের নামে। তিন দশক ধরে তার পরিচারক ছিলেন সুব্বিয়া। তার নামও উইলে লিখে গিয়েছেন রতন টাটা।

পরিবারের মধ্যে নিজের ভাই জিমি টাটার জন্য যেমন সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন রতন টাটা তেমনই দুই সৎ বোন শিরিন ও ডিয়ানার জন্যও সম্পত্তি রেখেছেন। বাকি সম্পত্তি তিনি টাটা ফাউন্ডেশনের নামে করে দিয়েছেন।

শেষ বয়সে রতন টাটার ছায়াসঙ্গী, প্রিয় বন্ধু শান্তনু নাইডুও বাদ পড়েননি উইল থেকে। শান্তনুর স্টার্টআপ ‘গুডফেলোজ’-এ নিজের অংশীদারিত্ব যেমন ছেড়ে দিয়েছেন, তেমনই শান্তনুর বিদেশে পড়তে যাওয়ার খরচও পুরোটাই রতন টাটা নিজের সম্পত্তি থেকে দিয়ে গেছেন।

কী কী সম্পত্তি রয়েছে রতন টাটার?

মুম্বইয়ের জুহু রোডে দোতলা একটি বাড়ি এবং আলিবাগে ২০০০ স্কোয়ার ফুটের একটি বাংলো ছিল রতন টাটার। ব্যাংকে ৩৫০ কোটি রুপির ফিক্সড ডিপোজিট রয়েছে। ১৬৫ বিলিয়ন ডলারের টাটা গ্রুপে মূল সংস্থা টাটা সন্সের ০.৮৩ শতাংশ অংশীদারিত্বও ছিল রতন টাটার নামে।

টাটা সন্সে রতন টাটার যে অংশীদারিত্ব ছিল, তা রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। টাটা গ্রুপের সংস্থাগুলিতেও রতন টাটার যে শেয়ার ছিল, তাও এই ট্রাস্টেই হস্তান্তর করা হবে।

তবে রতন টাটার যে ২০-৩০টি লাক্সারি গাড়ি এবং কোলাবায় হালেকাই হাউস ছিল, তার ভবিষ্যৎ এখনও নির্ণয় হয়নি। তবে মনে করা হচ্ছে, গাড়িগুলো পুণে মিউজিয়ামে পাঠানো হতে পারে বা নিলাম করে দেওয়া হতো পারে। মুম্বাই হাইকোর্ট এই সমস্ত সম্পত্তির পর্যালোচনা করবে।

এই বিভাগের আরও সংবাদ