পুঠিয়ায় শ্রমিকনেতা নুরুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হত্যার বিচার ও মূল পরিকল্পনাকারী আব্দুর রহমান পটলসহ সকল আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পযর্ন্ত ঢাকা রাজশাহী মহাসড়ক সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান গেটে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক, বিএনপি নেতৃবৃন্দ ও মহিলারাসহ সাধারণ জনতা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন- নিহত শ্রমিক নেতার মেয়ে ও হত্যা মামলার বাদী নিগার সুলতানা, শ্রমিক নেতা আহসান হাবীব, শরিফুল ইসলাম, জার্জিস রহমান, বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল (২০০৮-২০১৪ ও ২০১৮ এর সংসদ সদস্য প্রার্থী), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, সাবেক মেয়র আসাদুল হক আসাদ, স্হানীয় বিএনপি নেতা বাবুল মিয়া, মমতাজুল আলম লাল্টু, বাবুল আকতার, একরামুল হক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, যুবনেতা মিজানুর রহমান ও নেফাউর রহমান সুমন প্রমুখ। মানববন্ধনে মামলার বাদি বলেন, ২০১৯ সালের ১০ জুন রাত আটটার দিকে রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে তার বাবাকে অপহরণ করা হয়। সারারাত খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। অপহরণকারীরা তাকে হত্যা করে পুঠিয়া সদরের এসএস ব্রিক ফিল্ড ইট ভাটায় ফেলে রাখে। পরদিন ১১ই জুন সকাল নয়টার দিকে আমরা তার লাশের সন্ধান পাই।
এ ঘটনায় ওইদিনই তার মেয়ে নিগার সুলতানা বাদী হয়ে পটলসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ওই আটজন আসামির নাম বাদ দিয়ে রাজশাহীর বিচারিক আদালতে হত্যা মামলার একটি এফআইআর জমা দেয় পুলিশ। এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট ভাবে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু পুলিশ মামলার তদন্তে অবহেলা করায় পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে পিবিআই তদন্ত করছে।
মামলায় সুনির্দিষ্ট ভাবে ৮ জনকে আসামি করা হলেও আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পিবিআই এখন পর্যন্ত মামলার চার্জশিট দিতে পারেনি। আমরা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করছি।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটি মানববন্ধন হয়েছে। মামলাটি পিবিআই তদন্ত করছে। তবে ঘটনার ৫ বছর পেরিয়ে গেলেও চার্জশিট না হওয়া দুঃখজনক।





