আগামী ২ নভেম্বর ইবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু


ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্তের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিকৃত স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২ নভেম্বর।
মঙ্গলবার (২ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ মেধা তালিকা থেকে প্রাথমিক নিশ্চয়ন করা শিক্ষার্থীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপন বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১ম, ২য়, ৩য় ও ৪র্থ মেধা তালিকা থেকে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে সে সকল শিক্ষার্থীর আগামী ০৭-১০-২০২৪ তারিখ থেকে ১০-১০-২০২৪ তারিখ অফিস চলাকালিন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত) সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ১০-১০-২০২৪ তারিখ বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকায় ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল অফিস খোলা থাকবে। উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ০২-১১-২০২৪ তারিখ হতে ক্লাস শুরু হবে।





