পটুয়াখালী
রাঙ্গাবালীতে স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন


এম এ ইউসুফ আলী ,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: বৈষম্য দূরীকরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছে বেসরকারি স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা । মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ আয়োজন করা হয়।
মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ কর্মসূচি করা হয়।
এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার এ আয়োজন করেন।
কর্মসূচিতে আগামীকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।





