লালমনিরহাটে জোর করে পদত্যাগপত্রে সাক্ষর নেয়ার অভিযোগ


পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট:লালমনিরহাটের হাতীবান্ধা দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকে অস্ত্রের মুখে জিম্মি করে পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। এর আগে গত বুধবার (২১ আগস্ট) বিকেলে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
লিখিত বক্তব্যে থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে একটি মহলের সঙ্গে প্রধান শিক্ষক জসিম উদ্দিনের দ্বন্দ্ব চলছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর ওই মহলটি ব্যবস্থাপনা কমিটি নিয়ে আরো ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের ইন্ধনে ওই স্কুলের ছাত্র সাকিব বহিরাগত ছেলে জড়ো করে প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে৷ এ সময় সাকিব ও তার লোকজন প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও তার ছেলে জিয়াদ হাসানকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করলে জীবন বাঁচাতে পদত্যাগপত্রে সাক্ষর করতে বাধ্য হন তিনি৷
ভুক্তভোগী প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি ব্যক্তি আক্রোশের শিকার। এ সময় পুরো ঘটনাটি নিয়ে জেলা প্রশাসক, বাংলাদেশ সেনাবাহিনী এবং শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।





