ভোলার সড়কের শৃঙ্খলা ফেরালেন শিক্ষার্থীরা


ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার সড়কের ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকে রাস্তায় নেমে দিনভর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন তারা। শিক্ষার্থীদের এ জোরালো ভূমিকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে। ভোগান্তি থেকে অনেকটাই রেহাই পাচ্ছেন যাত্রী সাধারণ ও পথচারীরা।
শুক্রবার (৯আগস্ট) দুপুরে ভোলা শহরের বাংলাস্কুল মোড়,কোট মসজিদ মোড়, ইলিশ চত্বর, সদর রোড, বরিশাল দালান, নতুনবাজার ও কালিনাথ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সাধারণ মানুষ তাদের প্রশংসা করে ধন্যবাদ জানান। পাশাপাশি পরিহরন চালকরাও নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন।
শিক্ষার্থীরা জানান, বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় ভোলা শহরসহ বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। ফলে মানুষের ভোগান্তি দূর করতে তারা যানজট নিরসনে নিজ উদ্যোগে রাস্তায় নেমে শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই ভূমিকা ও জনসেবামূলক কাজের প্রশংসা করছেন যাত্রীসাধারণ, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, শিক্ষার্থীরা নিজ থেকে এই দায়িত্ব নেয়ায় সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। তারা অত্যন্ত সফলভাবে ট্রাফিক ব্যবস্থাপনার কাজটি করেছে। সাধারণ মানুষ, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। সবাই ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলতে বাধ্য হচ্ছেন। ফলে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, কিছু ট্রাফিক ভোলার বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ট্রাক ও বিভিন্ন পণ্যবাহী গাড়ী থেকে চাঁদা তুলতো আবার নতুন বাজার লাইনম্যান হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন যাত্রীবাহী বাহন থেকে ও চাঁদা তুলতো যার জন্য। যানজট নিরসন হয়নি কিন্তু শিক্ষার্থীরা তো অনিয়ম করছে না। তারা সঠিকটা করছে। তাই শৃঙ্খলা ফিরে এসেছে। ট্রাফিক পুলিশ এর থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও জানান তিনি।





