আইন ও আদালত

শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি মাজার গেট হয়ে হাইকোর্ট মোড়ে আসলে পেছন থেকে যুবলীগের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিয়ে মিছিল করতে থাকে। এ সময় তারা কয়েকজন আইনজীবীকে ধাক্কা দেয় ও গালমন্দ করে।

মঙ্গলবার( ১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটায় হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, বিকেল তিনটার পর কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ভবনে বিক্ষোভ মিছিল করে। পরে আমরা মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে রাস্তায় যায়। মিছিলটি হাইকোর্ট মোড়ে আসলে পেছন থেকে যুবলীগের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কয়েকজন আইনজীবীকে ধাক্কাও দেয়। পরে ধাওয়া খেয়ে যুবলীগের নেতাকর্মীরা সরে যায়।

পরে বার ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

কোটাবিরোধী আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতে কোটাবিরোধী আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সরাসরি কোটার পক্ষে অবস্থান নিয়ে আদালত অবমাননা করেছেন। কারণ বিষয়টি এখন আদালতে বিচারাধীন। প্রধানমন্ত্রী ২০১৮ সালে রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি বাতিল করার কথা বলেছেন। অথচ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি অঙ্গীকার করেছেন রাগ-অনুরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। এ কথা বলে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন।

এই বিভাগের আরও সংবাদ