আইন ও আদালত

ইশরাকের রিমান্ড আবেদনের শুনানি পেছাল

বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে রাষ্ট্রদোহীর মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ডের আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২৩ জুলাই ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান নতুন এ তারিখ ঠিক করেন।

আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে ইশরাককে আদালতে হাজির করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘রিমান্ড আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। যা শুনানির জন্য অপেক্ষমাণ। তাই এ অবস্থায় রিমান্ড শুনানি আইনসংগত হবে না। এরপর আদালত সময় আবেদন মঞ্জুর করে রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ২৩ জুলাই ধার্য করেন।’

গত ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার আদালতে ইশরাক হোসেনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগেও কয়েক দফা শুনানি পেছানো হয়। পরে আদালত শুনানির জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেন।

মামলা থেকে জানা গেছে, গত ১৯ মে ইশরাক ১২ মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন দিলেও পল্টন থানার রাষ্ট্রদ্রোহের মামলায় নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এই মামলায় মিয়ান আরেফি ও অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী কারাগারে রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ