বাসা বাড়িতে চুরি এড়াতে যেসব পরামর্শ ডিএমপির


পবিত্র ঈদুল আজহার ছুটিতে অধিকাংশ মানুষ রাজধানী ছেড়েছেন। বাসিন্দা ও বাড়ির মালিকরা নিরাপত্তা নির্দেশনা মেনে নানা পদক্ষেপ নিয়েছেন। রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা নিরাপত্তা কার্যক্রম। তবুও বাসা-বাড়িতে চুরির ভয় নিয়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষেরা।
তারা বলছেন, পুলিশের নিরাপত্তা নির্দেশনাসহ নানা সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার পরও চুরির ঘটনা ঘটছে। এতে মনে শঙ্কা নিয়েই ঈদ আনন্দে অংশ নিতে হচ্ছে।
অন্যদিকে পুলিশ বলছে, অপরাধীরা প্রতিনিয়ত কৌশল পাল্টে অপরাধ করে থাকে। এজন্য পুলিশের নির্দেশনা মেনে নিরাপত্তাকৌশলেও এগিয়ে থাকতে হবে, তাহলে বাসা-বাড়িতে চুরির ঘটনা পুরোপুরি এড়ানো সম্ভব হবে।
আগামী সোমবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
গত শুক্রবার শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ১৮ জুন। এছাড়াও বেসরকারি চাকরিজীবীরা কর্মস্থলের নিয়ম অনুযায়ী ছুটি পেয়েছেন। ফলে গ্রামের বাড়িতে যাওয়ার ধুম পড়েছে নগরবাসীর মধ্যে। ছুটি শেষ না হওয়া পর্যন্ত ফেরেন না কেউ। এই সময়টা ফাঁকাই পড়ে থাকে নগরের হাজার হাজার বাসাবাড়ি। এই সুযোগকে কাজে লাগিয়ে ফাঁকা ঢাকায় বাসা-বাড়িতে চুরি করার জন্য তৎপর হয়ে ওঠে চোরচক্র।
জানা গেছে, রাজধানীতে গত ঈদুল ফিতরের ছুটিসহ গত দুই মাসে অনন্ত ৯৭টি চুরির ঘটনা ঘটেছে। ফলে এবারের ঈদুল আজহায় বাসা-বাড়িতে চুরির ঘটনার বাড়ার পাশাপাশি শহরের নানা আর্থিক প্রতিষ্ঠানে চুরির আশঙ্কা করছে।
তাই পুলিশ কর্মকর্তাদের নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় থাকা ব্যাংক, বিমা, এটিএম বুথ এবং বাসা-বাড়ি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করতে বলা হয়েছে। তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ডিএমপির ক্রাইম বিভাগে পাঠানোর কথা রয়েছে।
ডিএমপি সদর দপ্তর কেন্দ্রীয়ভাবে ফাঁকা ঢাকার পুলিশি নিরাপত্তা নজরদারি, টহল তদারকি ও সেই সব প্রতিষ্ঠানের খোঁজ রাখবে।
এছাড়াও প্রতি থানায় দুটি করে বিশেষ মোবাইল টিম রাখা হয়েছে। দুই সদস্যের এসব টিম মোটরসাইকেল নিয়ে নিজ নিজ নির্ধারিত এলাকায় রাত ১০টা থেকে শুরু করে একদম ভোর পর্যন্ত টহল দেবে। এই টহল টিমের কাছে আলাদাভাবে বাঁশি এবং উচ্চক্ষমতা সম্পন্ন টর্চলাইট থাকবে। সন্দেহজনক কাউকে দেখলে দুর থেকেই যেন তার অবস্থান নিশ্চিত করা যায় সেজন্য এই পদেক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যবসায়ী মোহাম্মদ হারুনুর রশীদ বসবাস করেন রাজধানীর মিরপুরের এলাকার একটি বাসায়। তিনি প্রতিবারের মতো এবারও গাজীপুরে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। তবে রাজধানীর বাসা-বাড়িতে চুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন।
হারুনুর রশীদ যুগান্তরকে বলেন, বাসায় চুরির মতো ঘটনা রোধে মালিক আগ থেকেই সিসিটিভি স্থাপনসহ অন্যন্য পদক্ষেপ নিয়েছেন। আমরাও মূল্যবান কিছু জিনিস নিজেদের কাছে রেখেছি। তবে এমন সতর্কতার পরও ইদের ছুটিতে বিভিন্ন ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটছে। তাই একবোরে নিশ্চিন্তে থাকা যায় না।
এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশর (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাহবুব-উজ-জামান।
তিনি যুগান্তরকে বলেন, রাজধানীর বাসা-বাড়িগুলোর সিসিটিভি ক্যামেরাগুলো সাধারণত ভবনের সামনের দিকে থাকে। চোর চক্রের সদস্যরা ভবনের পেছনের অংশ দিয়ে প্রবেশ করে। এজন্য ভবনের পেছনে সিটিসিটি স্থাপন করতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।
ডিসি মাহবুব-উজ-জামান আরও বলেন, বাসা-বাড়িতে চুরি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে ডিএমপির বিভিন্ন এলাকায় জামিনে থাকা অপরাধীদের বিশেষ নজরদারিতে হবে। তাদের থানায় ডেকে কাউন্সেলিং করা হবে। এছাড়া টহল কার্যক্রমসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে শনিবার ডিএমপি সদর দপ্তরের এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঈদে প্রায় এক কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। সেই সময়ে বাসাবাড়ি, রাস্তাঘাট, অফিস-আদালত ফাঁকা থাকে। প্রতি বছরই পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ঢাকাকে নিরাপদ রাখতে সক্ষম হয়।
এবারও পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চেকপোস্ট, টহল, ফুট পেট্রোল ও গোয়েন্দা নজরদারি। সেই সঙ্গে প্রত্যেকটি বাসা বাড়িতে এক বা দুইজন প্রহরী থাকেন, তারাও আমাদের সঙ্গে সমন্বয় করে দায়ীত্ব পালন করবেন।
এর আগে ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার গাজীপুরে মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ফাঁকা বাড়ির নিরাপত্তায় পুলিশ বিভাগও সতর্ক থাকবে। আপনার বাড়ির সিসিটিভির সচল আছে কি না এটা চেক করবেন। বাড়িতে বিশ্বস্ত কর্মচারী রাখবেন। এরপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে প্রশাসনকে জানান।
এছাড়াও আটটি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ডিএমপি। এতে বাসাবাড়িতে চুরির বিষয়ে বলা হয়েছে, বাসাবাড়িতে সিসি ক্যামেরা বসাতে হবে।
আগে বসানো সিসি ক্যামেরা সচল আছে কিনা- পরীক্ষা করতে হবে। চোর রাতের বেলায় বাসার পেছনের অংশ দিয়ে জানালা ভেঙে চুরি করে। এজন্য বাসার পিছনেও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। বাসার চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখতে হবে। নগদ টাকা কিংবা স্বর্ণালংকার ব্যাংক কিংবা কাছের আত্মীয়দের কাছে নিরাপদে রাখতে হবে।
এছাড়াও রাতে বা দিনে মাস্ক কিংবা ক্যাপ অথবা একসঙ্গে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি করতে হবে। প্রয়োজনে ৯৯৯-এ ফোন দিতে হবে। মোটরসাইকেল চুরি রোধে অ্যালার্ম লাগাতে হবে। এতে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। লক করার কাজে স্টিলের তৈরি মেরিন অ্যাংকর চেইন ব্যবহার করতে হবে। মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার লাগাতে হবে এবং চাকাতে উন্নতমানের ডিস্ক লক ব্যবহার করতে হবে।
এদিকে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম যুগান্তরকে বলেন, ঈদে বাড়া-বাড়ির নিরাপত্তায় এলাকাভিত্তিক গোয়েন্দা কার্যক্রম ও টহল জোরদার করা হয়েছে। এ সময় ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্যরা তৎপর থাকবে। নির্জন এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সেসব স্পটে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। এছাড়াও বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। তাহলে চুরির মতো ঘটনা ঠেকানো যাবে।





