ফিচার

কারিগরি শিক্ষার প্রসার দূর করবে বেকারত্ব

মোহাম্মদ মনিরুজ্জামান মনির: ঢাকার শ্যামলীতে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের (সাধারণ ও কারিগরি শিক্ষা) স্কুল ‘ছায়াতল বাংলাদেশ’-এর নবম শ্রেণীর ছাত্রী বর্ষা আক্তার, বয়স-১৯। মোহাম্মদপুরের জহুরী মহল্লার পোড়াবস্তিতে রিকশা চালক বাবা আর বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করা মায়ের সাথে বাস করে বর্ষা। দারিদ্রতা, ক্ষুধা, নিরাপত্তাহীনতা যেখানে নিত্যদিনের সঙ্গী সেখানে আগ্রহ থাকলেও স্কুলে যাওয়া হয়নি তার।

চঞ্চল প্রকৃতির শিশু বর্ষা ১০ বছর বয়সেও রাজধানী ঢাকার শ্যামলী পার্কে ঘুরে ঘুরে বোতল কুড়াতো। পার্কে আসা মানুষদের কাছে ঝালমুড়ি, ফুচকা-চটপটি খাওয়ার আবদার করত। শিক্ষা নেই, কোন উৎসব নেই, এভাবেই চলছিল শিশু বর্ষার দিন। একদিন পার্কে ঘুরতে আসা, পথ শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সোহেল রানা’র নজরে আসেন বর্ষা।

এই বিভাগের আরও সংবাদ

তিনি, বর্ষাকে ‘ছায়াতল বাংলাদেশ’ স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেন। সেই থেকে বর্ষা এখানকার শিক্ষার্থী। স্কুলটির মূল বৈশিষ্ট্য -শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের বই-খাতা, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, শীতের সোয়েটার এমনকি সকাল ও দুপুরের খাবারও দেয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। সাধারণ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলে ব্যতিক্রমী এ শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনার পাশাপাশি বর্ষা- হ্যান্ডিক্রাফ্ট, সেলাই মেশিন চালানো, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার শিক্ষায় দক্ষ হয়ে উঠছে। নৃত্য শিক্ষার প্রশিক্ষণও নিচ্ছে। সে এখন স্বপ্ন দেখে, খুব দ্রুত স্বাবলম্বী হয়ে মা-বাবার সকল দুঃখ-কষ্ট মুছে দিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার।

দুপুরের খরতাপে কিছুটা প্রশান্তির ছোঁয়া পেতে ফুটপাতে গাছের নিচে বসে দুই বন্ধু কিছুটা আড্ডার ছলে বিশ্রাম নিচ্ছে। আশেপাশে অন্যান্য সহপাঠীদের আনাগোনা। কিছুক্ষণ আগে ক্লাস শেষ হয়েছে। এবার ঘরে ফেরার পালা। একজনের একটু তাড়া থাকলেও অন্যজন বেশ শান্ত, মনে হল- তার কিছুটা দেরি হলেও যেন তেমন কিছু হবে না। বলছিলাম মিরপুর-২ এ অবস্থিত ইউসেপ-বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র, আলী আকবর নিশান (২১) ও এস. এম. আল ফাহিম (২১) এর কথা।

নিশানের বাড়ি ঝিনাইদহ। বর্তমান নিবাস- মিরপুর ১১। বাবা টেইলারিং ও কাপড়ের ব্যবসা সাথে জড়িত। ফাহিম, ঢাকার কেরানীগঞ্জের ছেলে, বসবাস- মিরপুর ১। বাবা পুলিশে চাকুরি করেন। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহজে কর্মসংস্থান মিলে, এই স্বপ্ন থেকেই পারিবারিক সিদ্ধান্তে উভয়েরই কারিগরি শিক্ষায় পড়তে আসা। চার বছরের কোর্সের সবেমাত্র প্রথম স্টেপ শেষ করেছে। তবে, এর মধ্যেই তারা কর্মসংস্থান নিয়ে যথেষ্ট আশাবাদী।

কোর্স শেষে উচ্চতর ডিগ্রী নেয়ার পাশাপাশি দেশ বা বিদেশে কর্মক্ষেত্রে ঢুকে যাওয়ার চেষ্টা চালাবে। মাসিক ৩,৫০০টাকা টিউশন ফি, ঢাকায় থাকা-খাওয়া, অন্যান্য সহ নিজেদের পরিবারকে বিশাল খরচের চাপে রেখেও তারা স্বপ্ন দেখে, খুব দ্রুতই সুদিন ফিরে আসবে। কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে নিজের পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখবে।

সৈয়দ উদয় হাসান (২৪), বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অফিসের সামনে পায়চারি করছে। কথা বলে জানা গেল, সে সবেমাত্র বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছে। ডেসকোতে ইন্টার্নশিপ চলছে। সে তার অলস সময়টুকু কাজে লাগাতে চায়। এখানে এসেছে নামমাত্র ফি তে সুযোগ পাওয়া “গ্রাফিক ডিজাইন” এর উপর ৩ মাসের শর্ট কোর্সে ভর্তি হতে। স্বপ্ন দেখছে, প্রশিক্ষণের মাধ্যমে গ্রাফিক ডিজাইনে আউটসোর্সিং করে সে বৈদেশিক মুদ্রা অর্জন করবে।

শুধু বর্ষা, নিশান বা হাসানই নয় কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে জায়গা করে নিচ্ছে দেশের শতশত সুবিধা বঞ্চিত ছেলে মেয়ে।

বেকারত্ব দূরীকরণ, দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষার প্রয়োগ ঘটানোই কারিগরি শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

১৯৬০ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। মানব সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকান্ড পরিচালনা, একাডেমিক কার্যক্রমের তদারকীকরণ এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযোগ সৃষ্টি করা অধিদপ্তরের মূল কাজ। অধিদপ্তরাধীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০৫টি। সার্টিফিকেট স্তর, ডিপ্লোমা স্তর ও ডিগ্রী স্তর, এ তিনটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। সার্টিফিকেট পর্যায়ে রয়েছে ১৪৯টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং ১টি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট।

ডিপ্লোমা পর্যায়ে ৫০টি পলিটেকনিক ইনষ্টিটিউট এবং ডিগ্রী পর্যায়ে ১টি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মান প্রণয়ন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও উন্নয়নের সার্বিক দায়িত্ব পালনে ১৯৬৭ সালের ১নং সংসদীয় কারিগরি শিক্ষা আইনবলে গঠিত হয় কারিগরি শিক্ষা বোর্ড। যার পরবর্তী নাম বাংলাদেশ ক ারিগরি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চাহিদার আলোকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এর ক্ষেত্রে বিভিন্ন মেয়াদী ৩/৬ মাস থেকে চার বছর মোট ৩৪টি শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করছে। ৩০ জুন ২০২৩ পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত মোট প্রতিষ্ঠানের সংখ্যা ১১,১১৮টি। এছাড়া- কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত রেজিস্টার ট্রেনিং অর্গানিজেশন (আরটিও)-এর সংখ্যা ৬২৩টি। [তথ্যসূত্র কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট]

কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সরকারি-বেসরকারি পদক্ষেপগুলো নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বাস্তবতা হলো, বাংলাদেশের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষ জনবলের এখনও অভাব। ফলে ভারত, শ্রীলংকাসহ বহুদেশের দক্ষ জনবল এ দেশের বিভিন্ন সেক্টরে কাজ করে, একটা বড় অংকের টাকা নিয়ে যাচ্ছে। এ দেশের প্রায় দুই তৃতীয়াংশ তরুণ, যুবাদের কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে একদিকে যেমন তারা দেশের দক্ষ জনবলের অভাব পূরণ করতে পারে অন্যদিকে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আহরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারে। উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে হলে প্রয়োজন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা, মানবসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদের সঠিক ব্যবহারে দারিদ্র বিমোচন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি করা। এ লক্ষ্যে কারিগরি শিক্ষার হার বৃদ্ধির কোনো বিকল্প নেই।

কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বাস্তবসম্মত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার ফলে কারিগরি শিক্ষাকে গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের হাতের কাছে নেয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, সরকারের ক্রমবর্ধনশীল অর্থায়ন এবং উদ্যোগে বর্তমানে দেশে কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার ১৭ দশমিক ৮৮ শতাংশ হলেও সরকার ২০৩০ সালের মধ্যে এ হার ৩০ শতাংশে উন্নীত করতে বাজেটে অর্থায়ন বৃদ্ধিসহ বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে।

সরকারি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় শহর ছাড়াও জেলা পর্যায়ের সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) গুলোর কোথাও কোন কারিকুলামের দুর্বলতা, প্রচারণার অভাব, শিক্ষক সংকট বা ব্যবস্থাপনার ত্রুটির রয়েছে কিনা তার সঠিক তদারকি প্রয়োজন। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় কমবে, সেই সঙ্গে কাঙ্ক্ষিত ফলও অর্জিত হবে। ‘কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে’ স্লোগান এর সাথে মিল রেখে প্রয়োজন, জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা। জনসাধারণের দোরগোড়ায় যদি কারিগরি শিক্ষার সুফল পৌঁছে দেয়া সম্ভব হয় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাও সম্ভব হবে।

এই বিভাগের আরও সংবাদ