আন্তর্জাতিক সিঙ্গেল দিবস আজ, কেন পালিত হয় ১১ নভেম্বর?


আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও সিঙ্গেল মানুষেরা দিনটি উদযাপন করেন। নিজের স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও একক জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করার বার্তা নিয়ে প্রতিবছর এ দিনটি পালিত হয়।
সিঙ্গেল দিবস ‘সিঙ্গেলস ডে’ বা ‘ডাবল ইলেভেন’ নামেও পরিচিত। দিনটি উদযাপনের প্রচলন শুরু হয় চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। ১৯৯০-এর দশকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ নভেম্বর দিনটিকে অবিবাহিত জীবন উদযাপনের জন্য বেছে নেন।
১১ নভেম্বর তারিখটি লেখার সময় ১১/১১ হয়। তারিখের চারটি ‘১’ সংখ্যাকে একাকী মানুষের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শুরুতে দিনটি ছিল সিঙ্গেলদের একসঙ্গে সময় কাটানো, আড্ডা দেওয়া ও নিজেদের মতো করে আনন্দ উদযাপনের একটি উপলক্ষ।
পরবর্তী সময়ে দিনটির সঙ্গে যুক্ত হয় বাণিজ্যিক আয়োজন। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেল দিবসকে কেন্দ্র করে বিশেষ অনলাইন শপিং ক্যাম্পেইন চালু করে। এরপর ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম বড় অনলাইন কেনাকাটার উৎসবে পরিণত হয়। বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান এ দিন উপলক্ষে বিশেষ ছাড় ও মূল্যছাড়ের আয়োজন করে।
সিঙ্গেল দিবসের মূল বার্তা হলো—জীবনে সুখী হতে হলে সবসময় সম্পর্কে থাকা জরুরি নয়। নিজের প্রতি ভালোবাসা, আত্মসম্মান, স্বাধীনতা ও ব্যক্তিগত স্বপ্ন পূরণের মধ্য দিয়েও জীবনকে সুন্দর করে তোলা সম্ভব।
তাই দিনটি শুধু সিঙ্গেলদের উদযাপনের নয়, বরং নিজের জীবনকে ভালোবাসা ও নিজের জন্য সময় বের করারও একটি উপলক্ষ।





