আইন ও আদালত

আগামীকাল আত্মসমর্পণ করবেন ড. ইউনূস: দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, দুদকের মামলায় অভিযোগপত্র দেওয়ার পর সেখানে হাজির হওয়ার জন্য প্রস্তুত ড. ইউনূস। এ ছাড়া শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালেও জামিন চাইতে হাজির হবেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূসসহ চারজনের হাজিরার তারিখ ধার্য আছে আগামীকাল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় তাদের জামিনের মেয়াদ শেষ হচ্ছে এ দিন। এ কারণে জামিন স্থায়ী করার আবেদন করা হবে এবার। আগামীকাল সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে এবং দুপুরের দিকে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন চাইবেন ড. ইউনূস।

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় গত ৩০ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। যা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে উপস্থাপন করা হবে আজ। অভিযোগপত্রে ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে।

এর আগে, গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা হয়। আসামিদের বিরুদ্ধে তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ১৩ আসামির সঙ্গে তদন্তে পাওয়া নতুন আরও একজনের নাম যুক্ত করা হয়েছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এসএম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরিফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

এই বিভাগের আরও সংবাদ