আন্তর্জাতিক

ব্রিটিশ তেলের ট্যাঙ্কারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ট্যাংকাটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছে জাহাজটির অপারেটর। খবর বিবিসির। হুতি বলছে, শুক্রবার সন্ধ্যায় করা হামলার লক্ষ্যবস্তু ছিলো মার্লিন লুয়ান্ডা নামের ট্যাংকার। অপারেটর ট্রাফিগুরা বলেছে, হামলার কারণে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজের একটি কার্গো ট্যাঙ্কে আগুন লেগে যায়। যা নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ট্যাঙ্কারটিতে একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে। এ ঘটনার পর মার্কিন নৌ বাহিনীর একটি জাহাজ আক্রান্ত ট্যাংকারটি থেকে সংকেত পায়। পরে সহায়তায় এগিয়ে যায় মার্কিন জাহাজটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ঘটনাটি এডেনের ৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে। আর এ ঘটনার পর সব ক্রু নিরাপদ রয়েছেন। এছাড়া অন্যান্য জাহাজকে সতর্কতার সাথে ট্রানজিট করতে এবং সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার জন্য নির্দেশ দিয়েছে ইউকেএমটিও। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গোষ্ঠীটি বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো সরাসরি জাহাজটিতে আঘাত করে।

প্রসঙ্গত, এটি লোহিত সাগরে এবং এর আশেপাশে হুতিদের বাণিজ্যিক জাহাজের ওপর সর্বশেষ হামলা। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন জানিয়ে প্রায় তিন মাস ধরে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে লোহিত সাগরের এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে ম্যার্স্ক, সিএমএ সিজিএমসহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো।

এরপরই হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডাসহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হুতিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে কয়েক দফা সরাসরি বিমান হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন বাহিনী। তবে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ