ছাত্রশিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল, সেক্রেটারি জাহিদুল


২০২৪ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম।
ছাত্রসংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ৩১ ডিসেম্বর সকালে শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে জাহিদুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।
সম্মেলনে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ।
ছাত্রশিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল ইসলাম এর আগে সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত।
নতুন সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এর আগে কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল, জনশক্তি, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।





