আইন ও আদালত

বিএনপি নেতা নীরবসহ ১০ জনের ৩ বছরের কারাদণ্ড

২০১৩ সালে রাজধানীর তেজগাঁও থানায় নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীর পৃথক দুই ধারায় ৩ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ার কমিশনার, লুৎফর রহমান, শাহীন, তরিকুল ইসলাম ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন।

দণ্ডবিধি আইনে এক ধারায় তাদের ৬ মাস এবং আরেক ধারায় আড়াই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এদিন দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ার কমিশনার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর পলাতক ৮ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিন জন যাত্রী নিয়ে কাওরান বাজারের দিকে যাচ্ছিলেন ট্যাক্সিচালক বাবুল। রাত ৮টার দিকে কাওরানবাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে কয়েকজন গাড়ি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনায় বাবুল রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ১৪ আগস্ট মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ