খুলনা

খুলনার দৌলতপুরে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিক পাড়া গফফারের টাওয়ারের নীচে পুকুর থেকে রোহান (২১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রোহান একই এলাকার হাসান খান সেন্টুর ছেলে।

রোহানের পারিবারিক সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর শনিবার বাড়ি থেকে বের হয় রোহান। দুই দিন অতিবাহিত হলেও সে আর ঘরে ফেরেনি। ৩০ অক্টোবর সোমবার ছেলেকে পাওয়া যাচ্ছে না মর্মে রোহানের মা দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করার একদিন পরেই ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে নিহত রোহানের বাড়ি সংলগ্ন দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উঃ বণিকপাড়া গফফার মাস্টারের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পার্শ্ববর্তী লোকজন এবং তার স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে তার স্বজনরা লাশ শনাক্ত করে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ছিলো।

খবর পেয়ে কেএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিন) ( এডিসি, দক্ষিণ ) সোনালী সেন ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, নিহতের কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও সংবাদ