দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি অনিশ্চিত মামুনের


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন মো. মামুন হোসেন। অর্থের অভাবে আদৌ কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কী-না তা নিয়েই এখন বেশ দুশ্চিন্তায় দিন কাটছে তার। দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে জয়ী হলেও দারিদ্রতার কাছে হার মানতে হচ্ছে মামুনকে।ভর্তির টাকা জমার শেষ তারিখ সামনে চলে আসায় দিশেহারা হয়ে পড়েছে মামুন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. মামুন হোসেন এ বছর শাহজাদপুর সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। বেলতৈল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল। সে পিএসসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে ধান কাটা সহ বিভিন্ন শ্রমিকের কাজ করত মামুন। ভালো ফলাফল করেও টাকার অভাবে এখন তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
নাসির উদ্দিন জানান, তার চার সন্তানের মধ্যে মামুন দ্বিতীয়। তাদের তিন শতক বাড়ি ও একটি জীর্ণ টিনের ঘর ছাড়া আর কিছুই নেই। কোচিং বা প্রাইভেট পড়ার মতো আর্থিক সামর্থ্য তার ছিল না। স্কুল ছুটির দিনে সে বাবার সঙ্গে ধান কাটা শ্রমিকের কাজ করত পাশাপাশি টিউশনি করত। তার টিউশনি ও মজুরির টাকা লেখাপড়া ও সংসারে ব্যয় করত। তিনি আরো জানান,ছেলেকে একটা ভাল পোশাক ও কখনো কিনে দিতে পারি নাই।





