ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৬ নেতাকর্মী ঢামেকে


রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা ধোলাইখাল মোড়ে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
আহতরা হলেন- মহিউদ্দিন রুবেল (৩৫), জাকিরুল ইসলাম আলম (৩৮), ইকরামুল হক (৩০), মেহেদী হাসান (২৯), ওবায়দুল হক (২৮) ও আব্দুল আজিজ মাহমুদ (২৬)। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ধোলাইখাল থেকে ছয়জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শরীরে পুলিশের শটগানের গুলি রয়েছে।
আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। তারা দাবি করেন, পুলিশের শটগানের গুলি ও ইটপাটকেলে আঘাতে তারা আহত হন।
এর আগে রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশমুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা।
ঘটনাস্থল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।





