প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়া


যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন।
গতকাল বুধবার (১২ জুলাই) কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে জেয়ার বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উজরা জেয়া ধারাবাহিকভাবে রাত পর্যন্ত মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের আগে জেয়া আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠক করবেন।
সারা দিনের অন্যান্য ব্যস্ততা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে জেয়ার নৈশভোজের করার কথা রয়েছে।
গত মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসার পর জেয়া টুইট করেন, ‘বাংলাদেশে এসে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।’ বুধবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ব্যস্ত দিন কাটান।
জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ইউএসএআইডির এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর প্রতিনিধিদলের অংশ হয়েছেন।
ঢাকা সাম্প্রতিক অতীতে ওয়াশিংটন থেকে একাধিক সফরের সাক্ষী হয়েছে। এর মধ্যে ২০২২ সালের ১৯ থেকে ২৩ মার্চ রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের একটি সফর অন্তর্ভুক্ত। চলতি বছরের শুরুতেও বাংলাদেশ সফর করেন লু। সাম্প্রতিক অতীতে ওয়াশিংটনের বাংলাদেশ নীতি নির্ধারণে ব্যাপকভাবে জড়িত ছিলেন লু।





