লাইফস্টাইল

এবার টুইটারের ভিডিও টেলিভিশনেও দেখা যাবে

টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করার পাশাপাশি ভিডিও পোস্ট করেন অনেকে। এসব ভিডিও স্মার্টফোন ও কম্পিউটারের পাশাপাশি স্মার্ট টেলিভিশনেও দেখা যাবে। এজন্য খুব শিগগিরই ভিডিও অ্যাপ আনতে যাচ্ছে জনপ্রিয় এই ওয়েবসাইটটি। অ্যাপটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই টুইটারে আদান-প্রদান করা বড় ভিডিওগুলো টেলিভিশনে দেখতে পারবেন।

সম্প্রতি টুইটারে এস এম রবিনসন নামের এক ব্যবহারকারী টুইটে জানান, টুইটারে আমি এক ঘণ্টার ভিডিও দেখতে পারছি না। ভিডিওগুলো স্মার্ট টেলিভিশনে দেখার জন্য আমাদের সত্যিই টুইটারের ভিডিও অ্যাপ প্রয়োজন।

রবিনসনের টুইট নজর এড়ায়নি টুইটারের মালিক ইলন মাস্কের। ফিরতি টুইটে তিনি জানান, এটি আসছে। টুইটারের মালিকানা নেওয়ার পরপরই সাইটটির ব্যবহার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় গত মাসে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য দুই ঘণ্টার ভিডিও আপলোডের সুযোগ চালু করেছে টুইটার।

শুধু তাই নয়, বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অর্থ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভিডিও অ্যাপটি চালু হলে ব্যবহারকারীরা টেলিভিশনের বড় পর্দায় স্বচ্ছন্দে টুইটারের ভিডিও দেখার পাশাপাশি কনটেন্ট নির্মাতারাও বেশি আয় করতে পারবেন।

ডিজিটাল বিজ্ঞাপনের পাশাপাশি নিজেদের সাইটে ভিডিও নির্মাতাদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। সম্প্রতি টুইটারের বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন ইলন মাস্ক ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো।

সূত্র : লাইভমিন্টডটকম

এই বিভাগের আরও সংবাদ