বগুড়ার শেরপুরে কিশোরী অপহরণের ১৪ দিন পর উদ্ধার, আটক ১


শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অপহরণকৃত কিশোরীকে ১৪ দিন পর টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় অপহরেণর অভিযোগে মারজিউল হক রিমাজ (২৩) নামের একজনকে আটক করা হয়েছে। পরে মেয়েটির বাবা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মারজিউল হক রিমাজ খানপুর ইউনিয়নের শাফল জানি গ্রামের রাশেকুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শাফল জানি গ্রামের জাফর আলীর ১০ম শ্রেনীর স্কুল পড়–য়া মেয়ে (১৪)। স্কুলে যাওয়ার সময় মারজিউল হক রিমাজ তাকে উত্যক্ত করে। গত ৩ মে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। তাকে না পেয়ে ওই দিন রাতেই মেয়েটির বাবা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর পুলিশ মেয়েটির সন্ধান শুরু করে। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার পুলিশ মেয়েটির অবস্থান নিশ্চিত করে। পরে স্থানীয় থানা পুলিশ সহযোগীতা নিয়ে বুধবার বিকালে টাইঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেবাহাটি গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার ও ছেলেটিকে আটক করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, এ বিষয়ে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।





