রায়পুরায় পোল্ট্রি ব্যবসায়ী হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার ২ আসামী


নাজমুল হক চৌধুরী, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর জেলার রায়পুরায় চাঞ্চল্যকর জুলহাস মিয়া হত্যা মামলার দুই আসামী অস্ত্র ও গুলি সহ গ্রেফতার। । উপজেলার নিলক্ষা ইউনিয়নে বাড়িতে ঢুকে জুলহাস মিয়া নামে পোল্টি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় আসামীদের।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বান চৌধুরী। পুলিশ জানায়, বুধবার ভোর চারটার দিকে রায়পুরা উপজেলার কাওয়াবাড়ী এলাকা ও ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার থোল্লাকান্দি এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও একই উপজেলার দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যপারীর ছেলে রাকিব (২২)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত শনিবার (২২ এপ্রিল) রায়পুরা থানার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও এলাকার পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাধা দিলে আসামীরা জুলহাস সহ স্থানীয় কয়েজনের উপর আগ্নেয়াস্ত্র, টেটা বল্লম দিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন জুলহাস। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও তিনজন।
পরে এ হত্যার ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়ের করা হলে জেলা পুলিশের একাধিক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং এ ঘটনায় বাকী আসামীদেরকেও গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।





