বগুড়া

শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে রামনবমী উৎসব পালিত

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ‘হে মহাভাগ শাঁখারী পুকুর, হে লৌহিত্য আমার পাপ মোচন কর’ -এ পবিত্র মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরের মা ভবানী মন্দিরের শাঁখারী পুকুরে এই স্নানোৎসবে অংশ নেয় হিন্দু ধর্মাবলম্বীরা। এ পবিত্র তীর্থস্থানটি উপমহাদেশের ৫১টি পীঠস্থানের অন্যতম ঐতিহাসিক মা ভবানীর মন্দির। প্রতিবছরের ন্যায় এবারও রাম নবমী উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দির সংলগ্ন শাঁখারী পুকুরে পূণ্যস্নান করেন হাজার হাজার পূণ্যার্থীরা।

অতীত জীবনের পাপ মোচনসহ পূণ্যলাভের আশায় বুধবার (২৯ মার্চ) বিকেল থেকেই মন্দিরস্থলে পূণ্যার্থীরা আসতে থাকেন। পরদিন বৃহস্পতিবার দর্শনার্থীদের পদভারে মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা মুখর হয়ে ওঠে। মন্দির প্রাঙ্গনে পূণ্যার্থীদের মিলনমেলা পরিণত হয়েছে। এ স্নান উৎসবে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা এসেছেন ।

ভবানীপুর মন্দির উন্নয়ন ও সংস্কার কমিটির নেতা দিলীপ কুমার দেব জানান, এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। এবারও এ উৎসবে হাজার হাজার ভক্ত অংশ নিচ্ছেন। প্রতি বছর চৈত্রের রাম নবমী তিথিতে মন্দির ও তার আশেপাশের এলাকাজুড়ে এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়।

 

ধর্মীয় শাস্ত্রমতে, ত্রেতা যুগে অবতার ভগবান শ্রী রামের জন্মস্থান অযোধ্যায় জন্ম গ্রহন করেন। সেই থেকেই শ্রী রামচন্দ্রের জন্ম উৎসবকে স্মরণীয় করে রাখতেই ভারত-বিদেশে বসবাসরত রামের অনুসারীরা পূর্ণ উৎসাহে রামলালার জন্মবার্ষিকী খুব জাঁক জমকের সাথে উদযাপন করে আসছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে প্রতিটি ইচ্ছা পূরণ হয়। দিনটিতে এ স্থানে অংশ নিলে তার অতীত জীবনের পাপ মোচনসহ পূণ্যলাভ হয়। আর সেই আশায় হাজার হাজার ভক্ত নর-নারী ও শিশু কিশোর মন্দিরের শাঁখা পুকুরে স্নান করেন। সেই সঙ্গে ঐতিহাসিক এই মন্দিরে রক্ষিত প্রতিমা দর্শন, পূজা অর্চনা, ভোগদান, অর্ঘ্যদান, মাতৃদর্শন করেন ভক্তরা। মন্দিরের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। তিথি অনুযায়ী মা ভবানী মন্দিরে রাম নবমী উৎসবে যোগ দিতে ২৯ মার্চ বুধবার বিকেল থেকেই পূণ্যার্থীরা আসতে থাকেন। এজন্য অসংখ্য দর্শনার্থী মন্দির এলাকা ও আত্মীয়স্বজনের বাসাবাড়িতে রাত যাপন করেন।

নাটোর গুরুদাসপুর উপজেলা থেকে আসা দীপালী রানী বলেন, মায়ের কাছে আর্শীর্বাদ নিতেই এসেছি। তাইতো সকালে পবিত্র শাঁখারী পুুকুরে স্নান করে মনবাসনা পূরণের জন্য মায়ের দর্শন নিয়েছি।

সিরাজগঞ্জের লতারানী বলেন, আমরা দুজনে এসেছি, মায়ের কাছে আসলে দেহ মন পবিত্র হয়। পাপ মোচন হয়। মায়ের কাছে ঠিকমতো চাইলে মনের সব আশা পূরণ হয়।

ভবানীপুর মন্দির পরিচালনা কমিটির অন্যতম সদস্য সুজিত বসাক ও অপূর্ব চক্রবর্তী জানান, যুগ যুগ আগে থেকেই এ ধর্মীয় তিথি উৎসব উদযাপন হয়ে আসছে। এ বছরও এখানে দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটেছে। এখানে দূর-দূরান্তের পূণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে বলে তারা জানান।

এদিকে এ উপলক্ষে প্রতিবছর মা ভবানী মন্দিরের চারপাশে ৩দিনব্যাপী মেলা বসে। মেলায় মিষ্টান্ন সামগ্রীসহ রকমারি খাবার পাওয়া যায়। একইসঙ্গে শিশুদের বিভিন্ন খেলনা, ইতিহাস ঐতিহ্যখ্যাত বই পুস্তকও মেলায় পাওয়া যায়।

এই বিভাগের আরও সংবাদ