হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ সংসদীয় কমিটির


হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে। বুধবার (১৫ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে হজযাত্রীদের মেডিকেল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। কমিটি হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সমাপ্তির সুপারিশ করে।
কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
এদিকে হজ প্যাকেজের মূল্য কমানোর বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৫ মার্চ) হজের খরচ কমানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে এ আদেশ দেন উচ্চ আদালত। এ সময় খরচ সহনীয় পর্যায়ে আনা যায় কি-না সেটি বিবেচনার জন্য অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে নির্দেশ দেন আদালত।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন ধর্ম মন্ত্রণালয় চলতি বছরে হজ প্যাকেজের দাম বাড়ানোর বিষয়ে হাইকোর্টের একই বেঞ্চকে ব্যাখ্যা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ডলারের দাম ও বিমান ভাড়া, বাসা ভাড়া এবং মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে।





