রাজধানীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১

মনির হোসেন জীবন: রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহতের নাম মো: কাজল (২৯)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে এসে কাজলের স্বজনরা তার মৃতদেহ শনাক্ত করেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে তেজগাঁও – কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আজ সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্হায় মারা যান তিনি।
আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
পথচারী মো. ইব্রাহিম জানান, গতকাল রোববার রাতে দু’টি ট্রেন এক সঙ্গে তেজগাঁও -কারওয়ান রেলক্রসিং দিয়ে যাচিছল। এ সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন কাজল। এসময় তিনি রেললাইন পারাপার হচিছল। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মমতা আক্তার জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতয়ালীতে। বর্তমানে তারা মুগদা মানিকনগর বালুরমাঠ এলাকায় বসবাস করে আসছিল।
এদিকে, ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী জানান, গতরাতে তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা যান তিনি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।





