রাজধানী

রাজধানীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মনির হোসেন জীবন: মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মাহফুজুর রহমান (৪৮)’কে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত আসামী খন্দকার মাহফুজুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আবু নাছের খন্দকারের পুত্র।

এই বিভাগের আরও সংবাদ

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস দল রোববার দিবাগত রাত ১০ টার দিকে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মাহফুজুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

আজ সোমবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ ফজলুল হক এ খবর নিশ্চিত করেছেন।

সিনিয়র এএসপি মোঃ ফজলুল হক জানান, গত ১৬ অক্টোবর,২০০৮ সালে বিপুল পরিমান মাদকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় খন্দকার মাহফুজুর রহমান। পরবর্তীতে আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত মাহফুজুর ১৩ দিন জেল হাজতে আটক থাকার পর বিজ্ঞ আদালতে হাজিরা দেয়া সাপেক্ষে জামিনে মুক্ত হয়। জামিনে আসার পর থেকে আসামি মাহফুজুর আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যায়। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত কার্য শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামি খন্দকার মাহফুজুর রহমান এর বিরুদ্ধে ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় আসমিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাহফুজুর জানায়, সে পলাতক থাকাকালীন রাজধানীর বিভিন্ন এলাকায় বে-সরকারী প্রতিষ্ঠানে চাকুরি করত এবং সর্বশেষ রাজধানীর শ্যামলী এলাকায় একটি খাবার হোটেলে ম্যানেজার হিসাবে কর্মরত ছিল।

গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ