ঢাকা

ধামরাইয়ে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির উপজেলা সভাপতি তমিজ উদ্দিন সহ আটক ৯

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধামরাই উপজেলা শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন সহ ৯ নেতা- কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ই জানুয়ারি -২০২৩) সকাল সাড়ে দশটার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলা শাখা বিএনপির আয়োজনে ধামরাই পৌরসভার আইঙ্গন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
এ’সময় পুলিশের বাঁধায় বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়। এ’সময় পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় নেতা-কর্মীরা পরে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি তমিজ উদ্দিন সহ ৯ নেতা-কর্মীকে আটক করা হয় বলে জানা যায়।

আটককৃতরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তমিজ উদ্দিন (৬৮),থানা কমিটির দপ্তর সম্পাদক মোঃ মিকাইল আহমেদ (৪০),পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ শিকদার (৪৫),স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ মর্তুজ মিয়া (৪৫),উপজেলার কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই (৫৯),কর্মী – আহমদ আলী (২৮),মোঃ আবুল হোসেন (৬০),মোঃ শরীফ (৩২),লাভলু মিয়া (৪০)।

দলীয় সূত্রে জানা যায়, সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় কর্মসূচি পালন করছিল উপজেলা বিএনপি। এ’সময় পুলিশের ধাওয়ায় কর্মসূচি বানচাল হয়ে যায়। পরে সেখানে থেকে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনকে আটক করে পুলিশ।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান পিপিএম বিএনপির ৯ নেতা-কর্মীকে আটকের কথা স্বীকার করে বলেন – অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে।আজ সকালে ধামরাই আইঙ্গন -বাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ভাংচুর করার চেষ্টা করছিল। এতে বাঁধা দিলে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ায় তারা।পরে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ