হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার, চালক আটক


হিলি প্রতিনিধিঃ হিলি স্থলবন্দরে ভারত থেকে আমাদানি করা গমের ভুষি বোঝায় ভারতীয় ট্রাক থেকে ২৩ বোতল বিভিন্ন মদ জব্দ করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এঘটনায় মাদক পাচারের অভিযোগে ভারতীয় ট্রাক চালক গৌতম রায়কে আটক করা হয়েছে।
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়জিত হোসেন জানায়, আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর আসে, ভারত থেকে আমাদানিকৃত গমের ভুষি বোঝায় একটি ভারতীয় ট্রাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ভারত থেকে পাচার করে দেশে আনা হয়েছে।
গোপন সুত্রে এমন খবর পেয়ে হিলি কাস্টমসের একটি দল পানামা পোর্টের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় আমদানিকৃত গমের ভুষি বোঝায় ভারতীয় ট্রাক WB33-C4919 নাম্বার ট্রাকের ক্যাবিন থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২৩ বোতল মদ উদ্ধার করা হয়।
এসব মাদক পাচারের অভিযোগে ভারতীয় ট্রাক চালক গৌতম রায়কে আটক করা হয়েছে। আটক ভারতীয় ট্রাক চালককে হাকিমপুর থানা পুলিশে সোপর্দ করা হবে।





